সাহিত্য

বৃষ্টির এক ফোঁটা

রোমেন রায়হান

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ০১:৪২ | ৫৭

আকাশ থেকে পড়ল যখন

বৃষ্টির এক ফোঁটা

হঠাৎ বাড়ির সবার শুরু

অস্থিরতায় ছোটা!
 

বৃষ্টি এলে কত্ত দিকে

নজর দেওয়া লাগে!

রোদে দেওয়া আচার তোলা

পড়ল আপুর ভাগে!
 

উঠানটাতে আড়াআড়ি

মা ছুটলেন দ্রুত

তুলতে হবে কালি করা

বাবার কালো জুতো!

 
ছুটল বিপু ছাদের দিকে

ছুটল কেন? আরে!

অনেকগুলো শুকনো কাপড়

ঝুলছে ছাদের তারে!
 

মা বললেন, পাপ্পু, ঘরের

জানলাগুলো লাগা

পড়ার টেবিল ভিজলে বুঝিস!

জোরছে পায়ে আগা!

 
আমি ছিলাম ঠায় দাঁড়িয়ে

মা বললেন, তাকা

দেখতে পেলি? পাটির ওপর

শুকনো মরিচ রাখা!
 

দৌড়ে গিয়ে পাটিসমেত

মরিচগুলো ওঠা!

আকাশ থেকে পড়ল যখন

বৃষ্টির এক ফোঁটা...

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher