তুমি আসবে বলে
আমরা কে কার কতটা সামষ্টিক ছিলাম,
কতটা বিচ্ছেদ
আমাদের সম্পর্কের সুষম তফসিল
ঠিক যেন সে কথাই বলে,
আমাদের প্রতিদিন কত প্রহর ক্ষয়ে ক্ষয়ে যায়
কত উত্তাপ, জমকাল কত আয়োজন
আমরা একে অপরকে প্রতিদিন
ময়ূর কিম্বা ডাহুকের সুরে ডাকি
আমাদের সমবেত সমাবেশে,
আমাদের যৌথ ইশতেহারে থাকে আরেক সকাল।
তোমার টইটুম্বুর চোখের ভ্রু, সতেজ ডাগর
তোমার তিল,
নিরলস বেড়ে চলে তোমার ঝাঁজালো বিস্তার আমার বুকে
অথচ তুমি থাক ফ্যান্টম গ্যালাক্সি দূরে,
তুমি, আমি নতুন জুটি
ভাবছি পুরনো শপথের তাহলে কী হবে?
আমি উড়াল জানি না বন্ধু
তোমার ছায়াঘন উত্তাল স্রোতের টান
যেন সুরেলা প্রবাল,
কেউ কেউ বলে ওটার নাম নাকি চুমু
আর আমি বলি
ওটা কেবলই চুমু নয়
চুমুর শব্দ বিনিময়।
আমি বেশিদিন নয়
আমি আসছি বন্ধু
শঙ্খচিল, শালিক বেশে
তোমার ঘরের ঘুলঘুলিতে, দোয়েল বেশে
তোমার মহল্লা কিম্বা মাঠে ঘাটে
লাল গামছা কাঁধে নিয়ে,
তুমি নাগরিক কোলাহল ঠেলে
মাটিগন্ধি এই মানুষটির পানে ছুটে আসবে
সূর্যের একরোখা তেজ উপেক্ষা করে
আমি সেদিনও অপেক্ষা করবো তোমারই জন্য।
বিমূর্ত রাত, রাতের বন্দরে সেদিন সানাই সন্ধ্যা নামবে
আমরা হৃদয় থেকে আরও হৃদয়গামী হব,
ভাবছি সেদিনের দুর্যোগপূর্ণ দিন রাতের কথা
মুখোমুখি ভালোবাসার কথা
বয়সী পদবীর কথা ভুলে গিয়ে
আমি সেদিনও ঘাসফড়িঙ হতে চাই
সাহসী সূর্য হতে চাই
রঙিন প্রজাপতি হতে চাই
তীব্র শীতে সেদিন আমি তোমার কাঁথা হতে চাই,
আস্ত একটা আষাঢ়ে আকাশকে পকেটে নিয়ে
আমি সেদিন দাঁড়িয়ে থাকবো তোমার গলির মোড়ে
তুমি আসবে বলে।
সাহিত্য থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher