সাহিত্য

ঠিকানাহীন চিঠি

অবিনাশ আচার্য

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ০৩:৪৩ | ১০৭

লিখব ভেবে হয়নি লেখা লিখতে গিয়ে থামি

কথার পিঠে জমছে কথা পাই না ভেবে আমি।

দেখতে দেখতে অনেক বছর মেঘে মেঘে বেলা

বদ্ধ জলে ভেসে বেড়ায় আমার ছোট্ট ভেলা।
 

বাবার সাহস পেয়ে সেবার পড়তে গেলাম দূরে

মাগো তোমার বারণ ছিল অনুযোগের সুরে।

দূর শহরে যাবার সময় বললে, ‘চিঠি দিয়ো—

হিসেব করে চলতে শেখো নিজের যত্ন নিয়ো।
 

পড়ালেখায় আগের মতো মনোযোগী থেকো

চাওয়ার যদি কিছু থাকে মাকে স্মরণ রেখো।’

চাওয়ার মতো চাইলে নাকি সবই মেলে মানি

আমার সকল ইচ্ছেগুলো বুঝতে তুমি জানি।
 

ভয়ের রাতে মা তোমাকে ভাবছি অনুভবে

এক জনমে তোমার সাথে আর কি দেখা হবে?

সব ঠিকানা বন্ধ তোমার কোন ঠিকানায় যাবে

দূর আকাশের শুকতারাকে লিখলে চিঠি পাবে?

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher