সাহিত্য

প্যাড়া খাওয়া ভেড়া

শচীন্দ্র নাথ গাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ০১:৫২ | ১০০

যদুনাথ পুষেছিল গোটা কয় ভেড়া,

তাদেরকে খেতে দিত চমচম ও প্যাড়া।

প্যাড়া খেয়ে ভেড়াগুলো চলে হেলেদুলে,

তৃষ্ণার পানি খায় চিনি দিয়ে গুলে।
 

যদুনাথ তাদেরকে রাখে চোখে চোখে,

এত খায় তবু তারা ধানক্ষেতে ঝোঁকে।

হাত দিয়ে ডাক দিলে ছুটে আসে কাছে,

গায়ে হাত বোলালেই কী দারুণ নাচে!
 

সেই নাচে ছেলে-মেয়ে জড়ো হয় পাশে,

কেউ দেয় হাততালি কেউ জোরে হাসে।

মাঝে মাঝে ভেড়াগুলো মেতে ওঠে গানে,

ভ্যা ভ্যা করে সুর তোলে বাজে লাগে কানে।
 

প্যাড়া বাদে ঘাস দিলে তোলে না তা মুখে,

খরচার চাপে যদু আছে বড়ো দুখে।

ভেড়াদের সাথে তার শুরু হলো আড়ি,

তাদেরকে ফেলে তাই ছেড়ে গেল বাড়ি।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher