সাহিত্য

ও জোনাকি!

আহমেদ সাব্বির

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ০৮:২৫ | ৯৯

ও জোনাকি! কেমন আছ?

লিখছি চিঠি তোমার কাছে

ইস! কত দিন হয় না দেখা

বন্ধুরা সব কেমন আছে?
 

কোথায় থাকো তোমরা এখন?

কোন বনে কোন নদীর ধারে

রেশমি আলো জ্বালো না তাই

সন্ধ্যা কাটে অন্ধকারে।
 

দাদুর বাড়ি সন্ধ্যাবেলা

জোনাকিদের বসত মেলা

পুকুরপারে লেবুর ঝাড়ে

জোছনা ভেজা বনবাদাড়ে

জ্বলত জোনাই ঝিকিমিকি

কুমড়ো মাচান, ঝোপের কাছে

জ্বলবে না আর জোনাকি কি?
 

ছোট্ট খোকার চিঠি পড়ে

বলল হেসে জোনাক পোকা

আদরমাখা শুভেচ্ছা নাও

নাও গো প্রীতি সোনার খোকা।
 

আমরা ছিলাম আঁধার মানিক

সন্ধ্যারাতে আলোর পাখি

কিন্তু এখন সন্ধ্যাবেলা

আলোর ভয়েই লুকিয়ে থাকি।
 

বন্ধু কোথায় জ্বালব আলো

সন্ধ্যাবেলা বসব কিসে

আলোর দূষণ শব্দদূষণ

তৃণলতাও কাঁপছে বিষে।

 

এই দূষিত ধরণিতে

কদিন বলো থাকব টিকে

বন্ধু তুমি ক্ষমা করো

হারিয়ে যাওয়া জোনাকিকে।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher