পোকিমন বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। এর আইকনিক হলুদ লোগোটি কোটি কোটি মানুষের কাছে একটি আবেগ।
১৯৯৮ সালে জাপানের বাইরে গেমটির নাম ‘পকেট মনস্টারস’ থেকে ছোট করে ‘পোকিমন’ রাখা হয়। তখন বিশ্বখ্যাত জাপানি গেমিং ও কনসোল নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো বিশ্ববাজারের জন্য একটি নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয়। এই দায়িত্ব দেওয়া হয় ডিজাইনার ক্রিস ম্যাপলকে। তিনি এই বিশাল কাজ শেষ করার জন্য মাত্র এক মাস সময় পেয়েছিলেন।
ক্রিস ম্যাপল লোগোটি তৈরির সময় কোনো কম্পিউটার ফন্ট ব্যবহার করেননি। তিনি প্রতিটি অক্ষর নিজের হাতে স্কেচ করেছিলেন। লোগোর অক্ষরগুলো কিছুটা বাঁকানো এবং একটির সঙ্গে অন্যটি লাগিয়ে তিনি মূল নকশা বানিয়েছিলেন। এটি গেমের চঞ্চলতা ও প্রাণের স্পন্দনকে ফুটিয়ে তোলে।
লোগোর হলুদ রং আনন্দ, বন্ধুত্ব ও পিকাচুর প্রতীক। হলুদকে উজ্জ্বল করতে গাঢ় নীল রঙের বর্ডার ব্যবহার করা হয়েছে। ইংরেজিভাষীরা যেন সঠিক উচ্চারণ করতে পারে, তাই ‘ব’ অক্ষরের ওপর একটি বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। ১৯৯৯ সালের পর থেকে এই নকশা প্রায় অপরিবর্তিত রয়েছে ।
পোকিমন এখন শুধু একটি গেম নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য।
গেমিংজগৎ থেকে এনিমেটেড সিরিজ—সবখানেই এর জয়জয়কার। বর্তমানে নিনটেন্ডো সুইচের আধুনিক গেমের পাশাপাশি ‘পোকিমন গো’ মোবাইল গেমিংয়ে রাজত্ব করছে। পোকিমন এনিমেটেড সিরিজের মূল প্রাণ হলো অ্যাশ কেচাম। সে জাপানের পাললেট টাউন থেকে আসা একজন উচ্চাভিলাষী ট্রেইনার। তার সবচেয়ে কাছের বন্ধু এবং প্রথম পোকিমন হলো পিকাচু। দীর্ঘ ২৫ বছর ধরে সে বিশ্বের সেরা ‘পোকিমন মাস্টার’ হওয়ার লক্ষ্যে ভ্রমণ করেছে। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর ২০২৩ সালে তাকে সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। বর্তমানে ‘পোকিমন হরাইজনস’ সিরিজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এই জগৎ আরো জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া এর ট্রেডিং কার্ড ও মার্চেন্ডাইজ বিশ্বজুড়ে সংগ্রাহকদের কাছে জনপ্রিয়। পোকিমনের অবিশ্বাস্য জনপ্রিয়তা এর আয়ের পরিসংখ্যানে স্পষ্ট।
এই ফ্র্যাঞ্চাইজি প্রতিবছর ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা বিক্রি করে। বর্তমানে এই ব্র্যান্ডের মোট বাজারমূল্য ৯২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এটি এখন বিশ্বের সর্বোচ্চ আয়কারী মিডিয়া ফ্র্যাঞ্চাইজি। গত আড়াই দশকে অনেক নতুন পোকিমন এলেও লোগোটি তার আভিজাত্য ধরে রেখে চলছে।
সাহিত্য থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher