সাহিত্য

শিয়াল পণ্ডিতের পাঠশালা

হুমায়ুন আবিদ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ০০:২৭ | ৯৯

বটের তলায় চট বিছিয়ে শিয়াল পণ্ডিত মশাই

বনের মাঝে পশুপাখির পাঠশালা এক বসায়।
 

নাকের ডগায় চশমা এঁটে শিয়াল শাসন করে

বানর-গাধা বইটা খুলে ইংলিশ পড়া ধরে।
 

বাঘের ছানা ‘অ’ পড়তেই চেঁচিয়ে বলে, ‘হালুম!’

শিয়াল হাঁকে, ‘কান মলিলে তবেই হবে মালুম!’
 

সিংহ-জিরাফ দুলিয়ে মাথা দুইয়ের নামতা পড়ে

টিয়া-ময়নার পড়া শুনে কোকিল লজ্জায় মরে!
 

ব্যাঙের ছানা পড়া ভুলে ডাকে ‘ঘ্যাঙর ঘ্যাঙ!’

পণ্ডিত কয়, ‘কানটি ধরে উঁচিয়ে রাখ ঠ্যাঙ!’
 

হাতির ছানা বই হারিয়ে শুঁড় দিয়ে তা খোঁজে

গরু-ছাগল জাবর কেটে অঙ্কের সূত্র বোঝে!
 

খরগোশ-ইঁদুর লাঠির ভয়ে দুষ্টুমি যায় ভুলে

কচ্ছপ-হরিণ মুখ লুকিয়ে হাসে খাতা খুলে।
 

এমন সময় ‘ঢং ঢনাঢং’ ছুটির ঘণ্টা বাজে

শিয়াল পণ্ডিত ছাতা মাথায় ফেরে ঘরের কাজে।
 

এমনি করে শিয়াল পণ্ডিত সারাটি দিন পড়ায়

পশুপাখির মনের মাঝে জ্ঞানের আলো ছড়ায়।
 

ছুটি শেষে ‘তা ধিন তা ধিন’ সবাই মিলে নাচে

মজার এমন পাঠশালা কি জগত্জুড়ে আছে?

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher