আমেরিকা

আমেরিকা

ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার মার্কিন র‍্যাপারের

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০২:০৪ | ২৯

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নিজের ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট ট্যুরের উদ্বোধনী রাতে গ্র্যামিজয়ী যুক্তরাষ্ট্রের র‍্যাপ শিল্পী ম্যাকলেমোর ভক্তদের সামনে ঘোষণা দিয়েছেন যে, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও অভিযানের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে সোচ্চার থাকবেন।

ফিলিস্তিনপন্থি অবস্থান এবং গত মাসে দেওয়া বক্তব্যের কারণে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে ব্যাপক তোপের মুখে পড়া সত্ত্বেও সোমবার (২৬ অক্টোবর) ডাবলিনের মঞ্চে দাঁড়িয়ে এই দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এসব বক্তব্যের জেরে ব্রিটিশ গায়ক এড শেরানের কনসার্টের উদ্বোধনী পরিবেশক হিসেবে তার নাম বাতিল করা হয়েছিল।

বিলিয়নিয়ার রবার্ট ক্রাফট নিশ্চিত করেন যে, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাকলেমোরকে পারফর্ম করতে দেওয়া হবে না। এরপরই মূল বিতর্কের সৃষ্টি হয়। ট্যুর প্রমোটার 'মেসিনা ট্যুরিং গ্রুপ' জানায়, যেসব কনসার্টের তালিকায় ম্যাকলেমোর নাম থাকবে, তা আয়োজন করতে একাধিক ভেন্যু রাজি হয়নি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ছয় সপ্তাহ আগে মাত্র দুটি শব্দই (ফ্রি প্যালেস্টাইন) সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।’

মঞ্চে পারফর্ম করার পুরো সময় জুড়ে ফিলিস্তিনের পতাকা ওড়ান ম্যাকলেমোর। তিনি আরও বলেন, ‘আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যৌথ মুক্তির জন্য এই লড়াই চালিয়ে যাব।’

উদ্বোধনী এই কনসার্টে ম্যাকলেমোরের সমর্থনে আইরিশ শিল্পীরাও পারফর্ম করেন, যারা নিজেরাও ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় গায়ক হোজিয়ার, র‍্যাপ গ্রুপ ‘নি-ক্যাপ’ এবং 'বিওগা'। উল্লেখ্য, ম্যাকলেমোরের প্রতি সংহতি জানিয়ে বিওগা ব্যাণ্ডের সদস্যরাও এড শেরানের ট্যুর থেকে বেরিয়ে এসেছিলেন। সূত্র: আল-জাজিরা

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher