ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে
ইসরায়েলি বাহিনীর হাতে আটক নিউইয়র্কের সাবেক কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, তিন ঘণ্টা পরে মুক্ত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪৭ | ১০৫
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আটক হয়েছেন নিউইয়র্কের সাবেক কম্পট্রোলার ও কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ব্র্যাড ল্যান্ডার। বুধবার (২১ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের কাছে একটি জলপাই বাগান থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েক ডজন ইহুদি ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীকেও আটক করে ইসরায়েলি বাহিনী। প্রায় তিন ঘণ্টা আটকে রাখার পর সতর্কবার্তা দিয়ে ল্যান্ডারকে মুক্তি দেওয়া হয়। ঘটনাটি নিয়ে নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
পিক্স১১, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের দশম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ব্র্যাড ল্যান্ডার কয়েক দিন ধরে পশ্চিম তীরে অবস্থান করছেন। তিনি ‘প্রটেক্ট দ্য হারভেস্ট’ নামের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে সহযোগিতা করছিলেন।
এই উদ্যোগের লক্ষ্য স্থানীয় কৃষকদের ফসল সংগ্রহে সহায়তা করা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও বাধার মুখে তাঁদের পাশে থাকা। ল্যান্ডারের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য ও কানাডার স্বেচ্ছাসেবীরাও অংশ নেন। বুধবার সকালে বেথলেহেমের কাছে নাহালিন গ্রামের একটি জলপাই বাগানে কাজ করার সময় ইসরায়েলি সেনারা সেখানে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের দাবি, প্রায় দুই ঘণ্টা শান্তিপূর্ণভাবে জলপাই সংগ্রহ করার পর সেনারা এলাকাটিকে সামরিক নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করেন।
এ সময় স্বেচ্ছাসেবীরা এলাকা ছেড়ে যেতে রাজি হলেও তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ল্যান্ডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করে জানান, তাঁকেসহ কয়েকজন রাবাই ও স্বেচ্ছাসেবীকে একটি বাসে তুলে নেওয়া হয়েছে। পরে মুক্তি পাওয়ার পর ল্যান্ডার জানান, তাঁকে প্রায় তিন ঘণ্টা আটক রাখা হয়েছিল। তাঁর ধারণা, রাজনৈতিক পরিচিতির কারণেই তাঁকে অন্যদের তুলনায় দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে।
ল্যান্ডার বলেন, তাঁরা শুধু ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা করছিলেন। এ ধরনের কাজে অংশ নেওয়ার জন্য কাউকে আটক করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ল্যান্ডার প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নিরাপত্তার জন্য নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছিলেন। সফরের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তার বিষয়ে তাঁর প্রতিনিধিদের জানানো হয়েছিল বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইসরায়েলি বসতির কাছে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় জলপাই সংগ্রহের আগে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। অনুমতি ছাড়া সেখানে সমবেত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। তবে মানবাধিকার সংগঠন রাবাইস ফর হিউম্যান রাইটস দাবি করেছে, ফিলিস্তিনি কৃষকেরা নিজেদের জমিতেই জলপাই সংগ্রহ করছিলেন। সেনারা উপস্থিত হওয়ার আগে সেখানে কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি।
ঘটনার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ল্যান্ডার ও অন্য স্বেচ্ছাসেবীদের আটকের সমালোচনা করেন। ল্যান্ডারের মুক্তিতে স্বস্তি প্রকাশ করে তিনি আটক থাকা অন্য নিউইয়র্কবাসীরও অবিলম্বে মুক্তি দাবি করেন। মামদানি বলেন, ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে জলপাই সংগ্রহ করতে যাওয়ার কারণে কাউকে আটক করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবি জানান। বুধবারের পরবর্তী হালনাগাদে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৭২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে চার বিদেশি নাগরিককে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।
ব্র্যাড ল্যান্ডার নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার। তিনি আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্কের দশম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেস সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানকে পরাজিত করে তিনি দলীয় মনোনয়ন পান।
এর আগেও নিউইয়র্কে ইমিগ্রেশন আদালতের বাইরে এক ব্যক্তিকে সহযোগিতা করতে গিয়ে ফেডারেল কর্মকর্তাদের হাতে আটক হয়েছিলেন ল্যান্ডার।
এদিকে পশ্চিম তীরে চলতি বছরের জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা এবং জমিতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের সহায়তায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আমেরিকা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher