গাড়ি দিয়ে সাজানো দুর্ঘটনা ও ভুয়া আঘাতের নাটক
ইন্স্যুরেন্স জালিয়াতি : নিউইয়র্কে গ্রেফতার ১৬
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০১:১২ | ৮
ছবি: সংগৃহীত
গাড়ি দিয়ে সাজানো দুর্ঘটনা ও ভুয়া আঘাতের নাটক সাজিয়ে বীমা কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় পাঁচ লাখ (৫০০,০০০) ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউ ইয়র্কে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চালকদের বীমা খরচ কমানোর উদ্দেশে গভর্নর ক্যাথি হোচুল অটো ইনস্যুরেন্স জালিয়াতিবিরোধী অভিযান জোরদার করার পর এটিই অন্যতম বড় পদক্ষেপ।
মঙ্গলবার ঘোষিত এই মামলায় জানা যায়, অপরাধীরা ব্রঙ্কস, কুইন্স এবং ব্রুকলিনে ইচ্ছে করে অন্যান্য যানবাহনের সাথে সংঘর্ষ ঘটিয়ে বা আমাজন ট্রাকের সাথে দুর্ঘটনার ভুয়া দাবি তুলে লাখ লাখ ডলারের চিকিৎসাসেবার ভুয়া বিল দাখিল করত। ব্রুকলিনের একটি ঘটনায় এক চালক নিজেকে নির্দোষ দাবি করলেও সিসিটিভি ফুটেজে তার সাজানো দুর্ঘটনার সত্যতা ধরা পড়ে।
নিউইয়র্ক স্টেট পুলিশ ও ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। গভর্নর হোচুলের নতুন পরিকল্পনা অনুযায়ী, কেবল দুর্ঘটনাস্থলে থাকা ব্যক্তিদেরই নয়, বরং এই ভুয়া চক্রের মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সুযোগ রাখা হয়েছে।
২০২৫ সালে রাজ্যটিতে প্রায় ৪৩,৮১১টি জালিয়াতির ঘটনা রিপোর্ট করা হয়। হোচুল প্রশাসন জানিয়েছে, এসব ভুয়া দুর্ঘটনা ও জালিয়াতির কারণে সাধারণ প্রতিটি গাড়ি চালককে বছরে অতিরিক্ত প্রায় ৩০০ ডলার বীমা মাশুল গুনতে হয়। গভর্নর বলেন, ‘প্রতিটি সাজানো দুর্ঘটনা ও ভুয়া দাবি শেষ পর্যন্ত নিয়ম মেনে চলা সাধারণ নিউ ইয়র্কবাসীদের খরচ বাড়িয়ে দেয়।’
আমেরিকা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher