আমেরিকা
ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন ট্রাম্প
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ০১:৩৭ | ৩০
ছবি: সংগৃহীত
ইরানে টানা ১৩ দিন হামলা চালানোর পর দেশটিতে নতুন করে আক্রমণ করার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (২৬ জুলাই) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এবং 'অ্যাক্সিওস'-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তা মার্কিন পেন্টাগনের ইতোমধ্যে কমে আসা 'প্যাট্রিয়ট' অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টর এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যোগানকে 'বিপজ্জনকভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে'-এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবারে ট্রাম্প, তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অন্যদিকে, এই সিদ্ধান্তের বিষয়ে দুটি বেনামী সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের হামলা বন্ধের এই নির্দেশটি সাময়িক নাকি এই স্থবিরতা দীর্ঘমেয়াদে বজায় থাকবে-তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত দুটি বিষয়কে তুলে ধরে-একদিকে যেমন এটি কূটনৈতিক আলোচনার ক্ষেত্র আরও প্রসারিত করার সদিচ্ছাকে নির্দেশ করে, অন্যদিকে এটি স্বীকার করে নেওয়া যে প্রধান সামরিক অভিযান পুনরারম্ভ না করা পর্যন্ত মার্কিন বিমান হামলার বর্তমান মাত্রা কার্যকারিতার শেষ সীমানায় পৌঁছে গেছে।
তবে সূত্রগুলোকে উদ্ধৃত করে অ্যাক্সিওস আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে মার্কিন সামরিক বাহিনী যেকোনো সময় বড় ধরনের সরাসরি যুদ্ধে বা সামরিক অভিযানে ফিরে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনাও প্রস্তুত রাখছে। আল-জাজিরা
আমেরিকা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher