নিউইয়র্ক
গাড়ির ইন্স্যুরেন্সে প্রায় ৫ লাখ ডলারের ভুয়া ক্লেইম ; নিউইয়র্কে ১৬ জন গ্রেপ্তার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪৪ | ৫৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাজানো গাড়ি দুর্ঘটনা এবং ভুয়া ইন্স্যুরেন্স ক্লেইমের মাধ্যমে প্রায় পাঁচ লাখ ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডসহ অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় পরিচালিত তদন্তে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মোট ৩১টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ২৯টি গুরুতর অপরাধ বা ফেলোনি এবং দুটি অপেক্ষাকৃত লঘু অপরাধ বা মিসডিমিনার। মঙ্গলবার (২০ অক্টোবর) গভর্নর ক্যাথি হোকুল এই তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরের কার্যালয় ও স্থানীয় সংবাদমাধ্যম গথামিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক স্টেট পুলিশ এবং ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের যৌথ তদন্তে এক ডজনের বেশি গাড়ির ইন্স্যুরেন্স জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে অথবা দুর্ঘটনায় আহত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
গ্রেপ্তার ১৬ জনের মধ্যে সবচেয়ে বেশি সাতজন ব্রঙ্কসের। এ ছাড়া ব্রুকলিনে দুজন, কুইন্সে একজন, স্ট্যাটেন আইল্যান্ডে একজন, সাফোক কাউন্টিতে দুজন এবং অননডাগা, মনরো ও ইরি কাউন্টিতে একজন করে গ্রেপ্তার হয়েছেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে নির্দোষ চালকের ওপর দুর্ঘটনার দায় চাপানো হয়েছে। এরপর চিকিৎসা ব্যয় ও শারীরিক আঘাতের ক্ষতিপূরণ দাবি করে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিল জমা দেওয়া হয়েছে। এ ধরনের একটি ঘটনা ঘটে গত বছরের ২ ডিসেম্বর ব্রুকলিনে। তদন্তকারীদের অভিযোগ, একটি মোড়ে এক চালক ইচ্ছাকৃতভাবে অন্য একটি গাড়ির সামনে ঢুকে সংঘর্ষ ঘটান। পরে তিনি উল্টো অভিযোগ করেন, অপর গাড়ির চালক স্টপ সাইন অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর অভিযুক্ত চালক চিকিৎসা খরচ বাবদ ১৬ হাজার ডলারের বেশি ইন্স্যুরেন্স সুবিধা আদায় করেন। তবে তদন্তে পাওয়া ভিডিও ফুটেজে দুর্ঘটনার ভিন্ন চিত্র উঠে আসে। পরে ওই চালককে গ্রেপ্তার করে ইন্স্যুরেন্স জালিয়াতি ও সরকারি নথিতে মিথ্যা তথ্য দেওয়াসহ একাধিক অভিযোগ আনা হয়।
আরেকটি ঘটনায় চলতি বছরের ১৮ মার্চ ব্রঙ্কসে পরিকল্পিতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ভুয়া আঘাতের অভিযোগে ৭০ হাজার ডলারের বেশি চিকিৎসা ব্যয়ের বিল তৈরির তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, সাজানো দুর্ঘটনা ও ভুয়া ইন্স্যুরেন্স ক্লেইমের কারণে সাধারণ গাড়িচালকদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত লাভের জন্য অন্যদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিউইয়র্ক অঙ্গরাজ্যের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে গাড়ির ইন্স্যুরেন্স জালিয়াতির সন্দেহজনক ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ২০২৫ সালেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ৪৩ হাজার ৮১১টি সন্দেহজনক গাড়ির ইন্স্যুরেন্স জালিয়াতির ঘটনা ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসকে জানিয়েছে। পাঁচ বছরের ব্যবধানে এই সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ২০২৩ সালে নিউইয়র্কে প্রায় ১ হাজার ৭০০টি সাজানো গাড়ি দুর্ঘটনার ঘটনা নথিভুক্ত হয়েছিল। এ ধরনের ঘটনার সংখ্যায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউইয়র্ক দ্বিতীয় অবস্থানে ছিল বলে জানিয়েছেন গভর্নর। গাড়ির ইন্স্যুরেন্সের ক্রমবর্ধমান খরচ কমাতে চলতি বছর অঙ্গরাজ্যের বাজেটে বেশ কিছু সংস্কার কার্যকর করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, শুধু দুর্ঘটনায় অংশ নেওয়া চালক নয়, পরিকল্পিত দুর্ঘটনার আয়োজকদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির রেট বৃদ্ধি ও মুনাফার ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
গভর্নর হোকুল আশা প্রকাশ করেছেন, জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নতুন সংস্কারের ফলে আগামী দিনে গাড়ির ইন্স্যুরেন্সের খরচ কমানো সম্ভব হবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় পাঁচ লাখ ডলার হচ্ছে বিভিন্ন ঘটনায় সন্দেহজনকভাবে দাবি করা অর্থের মোট পরিমাণ। এর সবটুকু অভিযুক্তরা আদায় করেছেন, এমন তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলোও এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher