নিউইয়র্ক

নিউইয়র্ক

টি-মোবাইলের বাড়তি বিলের রিফান্ড পাবেন গ্রাহকেরা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪১ | ৩৭

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে মোবাইল ফোনের মাসিক বিল বাড়ানোর ঘটনায় টি-মোবাইলের গ্রাহকদের জন্য ৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি মূল্যের ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। নির্দিষ্ট মোবাইল প্ল্যানের দাম কখনো বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েও পরে বিল বাড়ানোর অভিযোগে তদন্তের পর কোম্পানিটির সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা শেষ মাসের বিল ফেরত, বিনামূল্যে নতুন ফোন অথবা ফোন কেনার ক্রেডিট পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি টি-মোবাইলের সেবা চালিয়ে গেলে তাঁদের নির্দিষ্ট প্ল্যানের দাম অন্তত ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো যাবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের ঘোষণার বিবৃতির মাধ্যমে তাঁর কার্যালয় এসব তথ্য জানিয়েছে। তাঁর কার্যালয়ের তদন্তে দেখা গেছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টি-মোবাইল ফোরজি গ্রাহকদের জন্য ‘প্রাইস গ্যারান্টি প্ল্যান’ নামে বিশেষ মোবাইল সেবা বাজারজাত করে। বিজ্ঞাপনে কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছিল, এসব প্ল্যানের দাম কখনো বাড়ানো হবে না।

তবে ২০২৪ সালে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে কোম্পানিটি প্রতি ফোন লাইনের মাসিক বিল প্রায় পাঁচ ডলার করে বাড়াতে শুরু করে। এতে নিউইয়র্কের প্রায় ২ লাখ ৫২ হাজার ৯৫৭টি প্রাইস গ্যারান্টি প্ল্যানের গ্রাহকেরা অতিরিক্ত বিলের মুখে পড়েন। অ্যাটর্নি জেনারেলের তদন্তে উঠে আসে, টি-মোবাইল বিজ্ঞাপনে দাম অপরিবর্তিত রাখার নিশ্চয়তা দিলেও ওয়েবসাইটের ছোট অক্ষরে লেখা শর্তে দাম বাড়ানোর সুযোগ রেখেছিল। নিউইয়র্কের ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী, বিজ্ঞাপনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এমন শর্ত ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করা গ্রহণযোগ্য নয়।

লেটিশিয়া জেমস বলেন, নিউইয়র্কের বাসিন্দারা মোবাইল সেবার ক্ষেত্রে স্পষ্ট ও সৎ মূল্য নির্ধারণের নিশ্চয়তা পাওয়ার অধিকার রাখেন। টি-মোবাইল হাজার হাজার গ্রাহককে দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের আর্থিক বোঝা গ্রাহকদের বহন করতে দেওয়া যায় না। সমঝোতা অনুযায়ী, টি-মোবাইলের যেসব ক্ষতিগ্রস্ত গ্রাহক এখনো ফোরজি ফোন ব্যবহার করছেন, তাঁরা চাইলে সেবা বাতিল করে শেষ মাসের বিল ফেরত পাবেন। পাশাপাশি তাঁদের ২৫ ডলারের একটি গিফট কার্ড দেওয়া হবে।

অন্যদিকে যাঁরা কোম্পানিটির সেবা চালিয়ে যেতে চান, তাঁরা বিনামূল্যে ২৫০ ডলার মূল্যের নতুন ফাইভজি ফোন অথবা আরও দামি ফোন কেনার ক্ষেত্রে ১৫০ ডলারের ক্রেডিট পাবেন। তাঁদের নির্দিষ্ট মোবাইল প্ল্যানের দাম অন্তত ২০২৯ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখতে হবে। যেসব ক্ষতিগ্রস্ত গ্রাহক ইতিমধ্যে ফাইভজি ফোনে আপগ্রেড করেছেন, তাঁদের জন্যও সুবিধা রয়েছে। তাঁরা সেবা বাতিল করে শেষ মাসের বিল ফেরত নিতে পারবেন অথবা বর্তমান সেবা চালিয়ে গেলে ২০২৯ সাল পর্যন্ত সংশ্লিষ্ট প্ল্যানের দাম না বাড়ানোর নিশ্চয়তা পাবেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের হিসাবে, রিফান্ড, ফোন কেনার সুবিধা এবং মূল্যবৃদ্ধি স্থগিত রাখার সম্মিলিত আর্থিক মূল্য ৩ কোটি ৮০ লাখ ডলারের বেশি হতে পারে। তবে এই পুরো অর্থ নগদে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে না। গ্রাহকভেদে প্রাপ্য সুবিধাও আলাদা হবে। সমঝোতার অংশ হিসেবে টি-মোবাইলকে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ৯৮ হাজার ডলার দিতে হবে। ভবিষ্যতেও কোম্পানিটিকে সব ধরনের মূল্যসংক্রান্ত প্রতিশ্রুতি মেনে চলতে হবে এবং কোনো সীমাবদ্ধতা থাকলে গ্রাহকদের তা স্পষ্টভাবে জানাতে হবে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের বিভ্রান্তিকর মূল্য নির্ধারণ, অঘোষিত ফি এবং অন্যায্য বিল বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে টি-মোবাইলের সঙ্গে এই সমঝোতা হয়েছে। তবে সব টি-মোবাইল গ্রাহক এই সুবিধা পাবেন না। যাঁরা সংশ্লিষ্ট প্রাইস গ্যারান্টি প্ল্যানের আওতায় ছিলেন এবং মূল্যবৃদ্ধির শিকার হয়েছেন, মূলত তাঁরাই সমঝোতার সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher