আমেরিকা
ওবামা কেয়ার থেকে ১০ লাখ আমেরিকানকে ৫০০ ডলার রিবেট চেক দিবেন ট্রাম্পের
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৯ | ১৯
ছবি: সংগৃহীত
ওবামাকেয়ার স্বাস্থ্যবিমার জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন এমন প্রায় ১০ লাখ আমেরিকানকে ৫০০ ডলার করে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী অক্টোবর থেকে ৩০টি স্টেটে যোগ্য ব্যক্তিদের বাড়ির ঠিকানায় চেক পাঠানো শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে ওবামাকেয়ারে নিবন্ধিত সবাই এই অর্থ পাবেন না। শুধু ফেডারেল স্বাস্থ্যবিমা বাজার হেলথকেয়ার ডট গভ ব্যবহার করা ৩০টি স্টেটের নির্দিষ্ট গ্রাহকেরা এর আওতায় থাকবেন। যাঁরা বর্তমানে স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়াম পরিশোধে সরকারি ভর্তুকি পান, তাঁরা এই চেকের জন্য যোগ্য হবেন না। নিজস্ব স্বাস্থ্যবিমা বাজার পরিচালনাকারী স্টেটগুলোর বাসিন্দারাও এই অর্থ পাবেন না।
দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ারের অধীনে এক কোটি ৯২ লাখ মানুষ স্বাস্থ্যবিমা নিয়েছেন। ফলে তাঁদের খুব সামান্য অংশই ৫০০ ডলারের চেক পাওয়ার যোগ্য হবেন।
হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ধারণ করা বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফেডারেল স্বাস্থ্যবিমা বাজারের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছিল এবং বিষয়টি গোপন করেছিল। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ট্রাম্প বলেন, যেসব মানুষ অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন, তাঁদের অর্থ ফেরত দিয়ে তাঁর প্রশাসন সঠিক কাজ করছে। অনেক ক্ষেত্রে ৫০০ ডলার স্বাস্থ্যবিমার বর্ধিত খরচের পুরোটা মেটাবে বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসের একটি তথ্যপত্রে দাবি করা হয়েছে, বাইডেন প্রশাসনের সময়ে বিমা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নেওয়া ব্যবহারকারী মাশুলের বিপুল অর্থ উদ্বৃত্ত হিসেবে জমা হয়েছিল। স্বাস্থ্যবিমা গ্রাহকদের সুবিধায় ওই অর্থ ব্যবহার করা হয়নি। সেই উদ্বৃত্ত তহবিল থেকেই মোট ৫০ কোটি ডলার ফেরত দেওয়া হবে।
ব্যবহারকারী মাশুল হিসেবে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলো ফেডারেল সরকারকে অর্থ দেয়। সাধারণত হেলথকেয়ার ডট গভ পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা, গ্রাহকসেবা কেন্দ্র এবং নতুন মানুষকে স্বাস্থ্যবিমায় নিবন্ধিত করার প্রচারে এই অর্থ ব্যয় করা হয়।
তবে প্রত্যেক যোগ্য ব্যক্তি আসলেই ৫০০ ডলার অতিরিক্ত পরিশোধ করেছিলেন কি না, কোন বছরে ওই অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল এবং চেক পাঠাতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্র এবং হোয়াইট হাউস এ বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেয়নি। অ্যাসোসিয়েটেড প্রেস করোনাকালীন বর্ধিত ভর্তুকির মেয়াদ গত বছরের শেষে শেষ হওয়ায় অনেক আমেরিকানের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম দ্বিগুণ কিংবা তিন গুণ পর্যন্ত বেড়েছে। এর ফলে লাখ লাখ মানুষ কম সুবিধার বিমা পরিকল্পনা বেছে নিয়েছেন অথবা বিমা ছেড়ে দিয়েছেন। যাঁরা ভর্তুকি হারিয়ে সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়েছেন, তাঁদের বড় অংশই এই ৫০০ ডলারের চেক পাবেন না।
ডেমোক্র্যাটপন্থী রোগী অধিকার সংগঠন প্রোটেক্ট আওয়ার কেয়ারের সভাপতি ব্র্যাড উডহাউস এই ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছেন। তাঁর মতে, স্বাস্থ্যবিমার বাড়তি খরচের তুলনায় ৫০০ ডলার খুবই সামান্য এবং এটি উচ্চ প্রিমিয়ামের সমস্যার সমাধান করবে না। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে আগে থেকেই অতিরিক্ত প্রিমিয়াম ফেরত দেওয়ার একটি ব্যবস্থা রয়েছে। বিমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে পাওয়া প্রিমিয়ামের অন্তত ৮০ শতাংশ চিকিৎসাসেবায় ব্যয় করতে ব্যর্থ হলে ওই ব্যবস্থার অধীনে গ্রাহকদের অর্থ ফেরত দিতে হয়।
স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের হিসাবে, ২০২৫ সালে এই ব্যবস্থায় গ্রাহকদের প্রায় ১৬০ কোটি ডলার ফেরত দেওয়া হয়েছিল। ব্যক্তিগত স্বাস্থ্যবিমার গ্রাহকেরা গড়ে ২৩৩ ডলার, ছোট প্রতিষ্ঠানের বিমায় থাকা ব্যক্তিরা গড়ে ১৯০ ডলার এবং বড় প্রতিষ্ঠানের বিমায় থাকা ব্যক্তিরা গড়ে ৯১ ডলার পেয়েছিলেন। ট্রাম্পের নতুন ৫০০ ডলারের চেক বিদ্যমান অর্থ ফেরত ব্যবস্থার সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, সেটিও এখনো জানানো হয়নি। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার খরচ ভোটারদের গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে ওঠার সময় এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আমেরিকা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher