আমেরিকা

আমেরিকা

ইরান যুদ্ধ শেষ হবে মধ্যবর্তী নির্বাচনের পর: ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৬ | ৩২

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন অর্থনৈতিক চাপ ও সামরিক সংঘাতের মুখে ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না দাবি করে তিনি এমন মন্তব্য করেন।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ ইরান আর বেশিদিন ধরে রাখতে পারবে না।'

ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ তুলে ট্রাম্প আরও বলেন, 'তারা নির্বাচনী ফলাফল পরিবর্তন করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, যাতে ওয়াশিংটনে একদল দুর্বল নেতৃত্ব ক্ষমতায় আসে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হয়।'

ইতোমধ্যে সপ্তম মাসে পদার্পণ করা এই সংঘাতে মার্কিন আক্রমণের কথা স্বীকার করে ট্রাম্প জানান, সম্প্রতি মার্কিন হামলায় ইরানের একাধিক যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে এবং সামনে এ ধরনের আরও হামলা দেখা যাবে। তবে তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন কেবল পারমাণবিক সমঝোতাতেই সীমাবদ্ধ থাকতে চায় না, তার চেয়েও বড় কিছু অর্জনে আগ্রহী; যদিও আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাব মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ে পড়ায় ট্রাম্পের জনপ্রিয়তার সূচকে পতন দেখা গেছে। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান ঘটবে এবং তেলের দামও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সূত্র: আল জাজিরা

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher