অন্য স্টেট

আমেরিকা

ফ্লোরিডায় এক দিনে দুই মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ০২:৪৮ | ১১৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে একই দিনে দুটি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম। 

গত মঙ্গলবার (২৮ জুলাই) তাদের মৃত্যদণ্ড কার্যকর করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রথমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৬৮ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা জেমস অ্যারেন ডাকেটের। ১৯৮৭ সালে মধ্য ফ্লোরিডায় দায়িত্ব পালনকালে ১১ বছর বয়সী টেরেসা ম্যাকাবিকে ধর্ষণ ও হত্যা করার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে দুপুর ১টা ১৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর আগে শেষ বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এর প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ডমিনিক অ্যান্টনি ওকিকোনের। ১৯৮৬ সালে তিনি তার সাবেক প্রেমিকার বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। 

মৃত্যুর আগে ওকিকোন নিজের পরিবারের পাশাপাশি নিহতদের পরিবারের কাছেও ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি জানি এতে কিছুই বদলাবে না, কিন্তু আমি সত্যিই দুঃখিত।’

ফ্লোরিডা স্টেট প্রিজনে উভয় বন্দির ক্ষেত্রেই তিন ধাপের প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করা হয়। এতে প্রথমে ঘুমের ওষুধ, এরপর পক্ষাঘাত সৃষ্টিকারী ওষুধ এবং শেষে হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ওষুধ দেওয়া হয়।

চলতি বছর এখন পর্যন্ত ফ্লোরিডায় ১২টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অন্য সব অঙ্গরাজ্যের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। ২০২৫ সালে ১৯টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। সূত্র: সিবিএস নিউজ

অন্য স্টেট থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher