অন্য স্টেট

আমেরিকা

মিশিগানে বন্দুকধারীর হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৩ | ৮৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ি ও জঙ্গলঘেরা এলাকায় বন্দুকহামলায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।

মিশিগান রাজ্য পুলিশের বরাতে জানা যায়, ডেট্রয়েট শহর থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছায় আইন প্রয়োগকারী সংস্থা। তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

পুলিশ নিশ্চিত করেছে যে, এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন চ্যাড হিকম্যান (৩৯) পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে বিপজ্জনক ও সশস্ত্র আখ্যা দিয়ে স্থানীয়দের চলাচলে সতর্কতা জারি করে পুলিশ। হিকম্যানের খোঁজে বিশাল চিরুনি অভিযান চালানোর সময় নিকটস্থ আরেকটি বাড়ি থেকে আরও এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তল্লাশি অভিযানের এক পর্যায়ে হুইটলক লেকের কাছের এক জঙ্গলে হিকম্যানের গাড়িটি দেখতে পান তদন্তকারীরা। গাড়ির সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে পুলিশ জঙ্গলের ভেতর থেকে সন্দেহভাজন ঘাতক হিকম্যান এবং অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

হামলাকারী চ্যাড হিকম্যান এবং অন্য নিহতদের মধ্যে কোনো পারিবারিক বা পূর্ব পরিচয় ছিল কি না, কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী-সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর পর তাদের পরিচয় ও বয়স প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, 'এই ট্র্যাজেডি পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত কষ্টের। তদন্তকারীরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া মাত্রই তা জনসাধারণকে জানানো হবে।' বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখে ঘটনার মূল কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। সূত্র: সিএনএন

অন্য স্টেট থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher