আমেরিকা
ক্যালিফোর্নিয়ায় বি-৫২ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮
প্রকাশ: ১৬ জুন ২০২৬ ০১:৫১ | ১১৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস-এ একটি বি-৫২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।
স্থানীয় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে এবং আগুন ধরে যায়।
বিমানটিতে থাকা সামরিক কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদারসহ আটজন আরোহী ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বিমানটির প্রায় কিছুই অবশিষ্ট নেই এবং কারও বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না।
একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বিমানটি উড়ানো হয়েছিল। দুর্ঘটনার পর পরই রানওয়েতে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বি-৫২ বোমারু বিমানগুলো ১৯৫০-এর দশক থেকে মার্কিন বিমান বাহিনীর একটি বড় শক্তি। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। সামরিক কর্তৃপক্ষ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে, যা শেষ হতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে। সূত্র: বিবিসি
অন্য স্টেট থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher