খেলাধুলা
বেনজেমাসহ ছিটকে পড়া খেলোয়াড়দের ফাইনালে মাঠে চান ম্যাক্রোঁ
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ ০২:০৮ | ৯৮২
মরুর বুকে প্রথম বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফাইনালে লা ব্লুজদের প্রতিপক্ষ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালের ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মাঠে বসেই দলের খেলা উপভোগ করেছেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দাবি, ফাইনালেও তিনি উপস্থিত থাকবেন। রোববারের ফাইনাল জিতবে ফ্রান্স।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, করিম বেনজেমাসহ ফ্রান্সের যেসব খেলোয়াড় ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেনি, তারাও ফাইনালে মাঠে হাজির থাকুক।
কাতার বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্তে মাঠ থেকে ছিটকে যান করিম বেনজেমা। ইনজুরির কবলে পড়ে মরুর বুকে বিশ্বকাপের দল থেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যেতে হয়। সেই বেনজেমাকেই কিনা এবার দেখা যেতে পারে, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে!
গুঞ্জন ছড়িয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন বেনজেমা। ফলে এবারের বিশ্বকাপে এক ম্যাচেও মাঠে না নামা বেনজেমা যদি মাঠে থাকেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ফ্রান্স দলে একাধিক খেলোয়াড় চোটাক্রান্ত হওয়ায় বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে বেনজেমাকে রেখেই দিয়েছিল কোচ দিদিয়ের দেশম। তার বিকল্প হিসেবেও কাউকেই নেয়নি ফ্রান্স। তাই টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জেতার মিশনে বেনজেমাকে নিয়ে সরগরম চারপাশ।
এদিকে ইনজুরিতে পড়া বেনজেমাকে সুস্থ হতে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল চিকিৎসকরা। তাই পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে এখন পুরো শতভাগ ফিট হয়ে গেছেন বেনজেমা। তাই স্পেন থেকে তাকে কাতারে উড়িয়ে আনছে ফ্রান্স দল।
অন্যদিকে এসব গুঞ্জনের মধ্যে ঘি ঢেলে দিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাব কর্মকর্তারা নাকি বেনজেমাকে কাতারে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। তাই স্বপ্নিল ম্যাচে তার ফ্রান্স শিবিরে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আর্জেন্টিনার ওপর চাপ তৈরির চেষ্টা করতে বেনজেমাকে বেঞ্চে বসিয়ে হলেও রাখতে চায় ফ্রান্স। তবে ফরাসি কোচ দেশম অবশ্য তার থাকা না থাকা নিয়ে সরাসরি কিছু জানাননি।
বেনজেমাকে নিয়ে প্রশ্নটা যখন উঠল তখন রহস্যটা আরও বাড়িয়ে দিলেন দেশম। উত্তরে ফ্রান্স কোচ দেশম বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাইছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা বলুন দয়া করে।
ফরাসি টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে ইউরোপীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন এই করিম বেনজেমা। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে কোচের ট্রাম্পকার্ড হতে পারেন তিনিই! তাই লুসাইলের ফাইনালে এসে তিনি যদি মাঠে থাকেন, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।
খেলাধুলা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher