ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ (বুধবার) থেকে শুরু হওয়া এই ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল তিনি অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন। সিলেটে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের।
গতকাল মিরপুরে শেষ সময়ের প্রস্তুতি নিতে গিয়ে বাংলাদেশি এই তারকা আঙুলে আঘাত পেয়েছিলেন। নেটে বল থ্রোয়ারের একটি বল তার আঙুলে এসে লাগে। ব্যথায় কাতরাতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার তর্জনিতে টেপ পেছিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। পরে আর ব্যাটিং অনুশীলন করেননি।
এরপর গতকাল রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করে টিম ম্যানেজমেন্ট। তবে আজ সকালেই সিদ্ধান্ত হয় মুশফিক খেলবেন না। বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘তার আঙুলে ব্যথা রয়েছে, অপেক্ষা করা হচ্ছিল। এক্স-রেতে তেমন কিছু পাওয়া যায়নি। কারণ মুশফিকের আগেরও অনেক ব্যথা ছিল আঙুলে। ব্যথাটা কমলেই মাঠে ফিরবেন। যদি না কমে আবার স্ক্যান করা হবে। সিলেট টেস্টের আগে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো তারা ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। অভিজ্ঞ তারকা মুশফিককেও এখন নাজমুল হোসেন শান্ত’র দলে প্রয়োজন। তার চোট একাদশে সুযোগ করে দিয়েছে তাওহীদ হৃদয়কে। এর আগে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। আর ক্যারিবীয়দের বিপক্ষে ২০২৪ সালে সর্বশেষ টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি মুশফিক।
মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম ইসলাম এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে স্বাগতিকরা দল সাজিয়েছে।
খেলাধুলা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher