ঢাকা লিগে বিদেশি এনে জৌলুস ফেরাতে চায় বিসিবি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩১ | ১৭
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সেই জৌলুস অতীত হয়েছে অনেক আগেই। একে তো ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যু তার ওপর দীর্ঘ দিন ধরেই লিগটিতে বিদেশি ক্রিকেটার নেই। তবে এবার ঘরোয়া লিগ নিয়ে নতুন করে ভাবছে তামিম ইকবালের বোর্ড।
আগামী ২০২৭-২৮ মৌসুম থেকেই ডিপিএলে বিদেশি ক্রিকেটার ফেরাতে চায় বিসিবি। এরই মধ্যে খবর, আগামী আসর এগিয়ে এনে অনুষ্ঠিত হতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। মূলত এবার বিপিএল না হওয়ায় ডিপিএল এগিয়ে আনার সুযোগ পেয়েছে বিসিবি। শুধু এগিয়ে আনা নয়, ডিপিএলে সংস্কারও করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিদেশি ক্রিকেটার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে তারা। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির একজন পরিচালক। একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু’জন করা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা নামিয়ে আনা হয় একজনে।
২০২৪ সালে সেটা শূন্যের কোটায় নামিয়ে আনা হয়। ৩ মৌসুম বাদে ডিপিএলে আবার ফিরছে বিদেশি ক্রিকেটার। প্রাথমিকভাবে জানা গেছে, একাদশে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেতে পারে প্রতিটি দল। একাদশে একজন বিদেশি খেলানোর পরিকল্পনা আছে মূলত সিসিডিএমের।
চলতি সপ্তাহে সব ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি। ডিপিএলে বিদেশিদের ফেরানোর পেছনে মূলত দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতার মান বাড়ানোর লক্ষ্য সিসিডিএমের। একইসঙ্গে হারানো যে জৌলুস ছিল সেটা ফেরাতে বদ্ধপরিকর বিসিবি।
এছাড়া আম্পায়ারিংয়েও কঠোর নজরদারি আনার পরিকল্পনা রয়েছে ডিপিএলে। পারফরম্যান্সের ভিত্তিতে আম্পায়ারদের পয়েন্ট দেওয়ার পাশাপাশি ভুল সিদ্ধান্তের জন্য পয়েন্ট কেটে নেওয়া হবে। নির্দিষ্ট পর্যায়ের নিচে কোনো আম্পায়ারের স্কোর নেমে গেলে তাকে সাময়িকভাবে দায়িত্বের বাইরে রাখার ব্যবস্থাও থাকতে পারে এখন থেকে।
মাঠের খেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ম্যাচে এডিআরএস ব্যবহারের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে অ্যান্টি-করাপশন কার্যক্রমও চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটের সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে প্রথম বিভাগ, ডিসেম্বরে দ্বিতীয় বিভাগ এবং ফেব্রুয়ারিতে ডিপিএল আয়োজন করা হতে পারে। এবারই প্রথম প্রতি বিভাগে ওয়ানডের সঙ্গে আলাদা করে টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম।
খেলাধুলা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher