এখনও কেন স্কোয়াড দিচ্ছেন না স্কালোনি, মেসি ফেরার অপেক্ষা করছেন?
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ | ১৯
টানা দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ২০২৬ আসরে রানার্সআপ হওয়ার পর লিওনেল স্কালোনির দল প্রথমবার মাঠে নামবে ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে। যার জন্য দলগুলো স্কোয়াড ঘোষণা শুরু করেছে, তবে এখনও সেই পথে হাঁটছেন না আলবিসেলেস্তে কোচ। তিনি কি লিওনেল মেসিবিহীন কৌশল ও দল নিয়ে ভাবছেন নাকি তার ফেরার অপেক্ষায় করছেন!
বিশ্বকাপের পরপরই নাকি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি। তবে মাঝে বাবা হোর্হে মেসির মৃত্যুর কারণে আরও কিছুদিন পর তিনি অবসরের ঘোষণা দেন। ফলে মেসির অবসর-পরবর্তী প্রথম ম্যাচও খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপের পর ফিফার প্রথম উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষও এখনও চূড়ান্ত হয়নি।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, দল ঘোষণা নিয়ে নানা আলোচনা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মনে করছে, এখনই কোনো বিলম্ব হয়নি। প্রথম ম্যাচের আগে এখনও ২০ দিনের বেশি সময় বাকি। আর স্কালোনি সাধারণত ম্যাচের এক সপ্তাহ আগে দল ঘোষণা করেন। আবার স্কালোনি চূড়ান্ত দল ঘোষণার অনেক আগেই প্রাথমিক স্কোয়াড দেন, সাধারণত ফাঁস হয়ে যাওয়া সেই প্রাথমিক দলও প্রকাশ্যে না আসায় অনিশ্চয়তা কিছুটা বেড়েছে।
বিশেষ করে দলে কোনো চমক থাকতে পারে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কিন্তু কোচিং স্টাফও এখন পর্যন্ত পর্যবেক্ষণে থাকা খেলোয়াড়দের বিষয়ে কোনো তথ্য দেয়নি। ফলে আপাতত সবকিছুই স্বাভাবিক সময়সীমার মধ্যে রয়েছে। টিওয়াইসির তথ্যমতে, মেসির সম্ভাব্য উপস্থিতির বিষয়ে বাস্তবতা হলো, ৩১ আগস্ট দেওয়া অবসরের ঘোষণার পর আসন্ন ম্যাচগুলোয় তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে এর অর্থ এই নয় যে স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারই জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হয়ে গেছে।
পরিকল্পনা হলো, মেসি যখন নিজেকে প্রস্তুত ও নিরাপদ মনে করবেন, তখন আর্জেন্টিনার মাটিতে নিজের দেশের মানুষের সামনে আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো খেলার সুযোগ পাবেন। তবে সেটি এখনই নয়। কারণ সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং মেসিও এখনও নিজের নেওয়া সিদ্ধান্তটি মানসিকভাবে পর্যালোচনা করছেন।
এদিকে, আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, সেই ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে এএফএ। একইসঙ্গে জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আবার শুরু করতে চায় তারা। তবে ক্লদিও তাপিয়ার বোর্ডকে স্কালোনিকে রাজি করাতে হবে। তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ডিসেম্বর শেষে। স্পেনের বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি আমার চুক্তির মেয়াদ পূরণ করব, এরপর দেখা যাক।’
খেলাধুলা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher