নিউইয়র্ক

নিউইয়র্ক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের অপেক্ষায় মামদানি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ০০:৪৭ | ৬৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করার উপায় খুঁজছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

তবে মামদানির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, নিউ ইয়র্কের এই মেয়র মূলত 'গোপনে আমেরিকাকে ঘৃণা করেন'।

'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, 'আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আসল জায়গা হলো হেগের আন্তর্জাতিক আদালতে। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আইসিসি পরোয়ানা জারি করেছে। বিগত বছরগুলোতে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই আজ বিশ্বের বহু মানুষ আমার মতো একই মতামত পোষণ করেন।'

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউ ইয়র্ক আসার কথা রয়েছে। নিউ ইয়র্ক সিটির পুলিশকে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করানো সম্ভব কি না-তা খতিয়ে দেখতে সিটির আইনি বিভাগের সাথে সক্রিয় আলোচনা চালাচ্ছেন বলে জানান মামদানি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, কোনো নতুন আইন তৈরি করে নয়, বরং বিদ্যমান আইনের অধীনে যতটুকু ক্ষমতা রয়েছে, তার পুরোটা ব্যবহার করতে চান তিনি।

মেয়র মামদানির এই হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একটি রেডিও শো-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মামদানি প্রকারান্তরে হামাসকে সমর্থন করছেন। নেতানিয়াহু বলেন, 'তিনি কার পক্ষে সাফাই গাইছেন? হামাসের পক্ষে? যারা প্রকাশ্যে প্রতিটি ইহুদিকে হত্যার ডাক দেয়? তিনি ইসরায়েলের নিন্দা করছেন, অথচ ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক দেশ যা মার্কিন মূল্যবোধের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।'

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও যোগ করেন, 'যারা ইহুদি এবং ইসরায়েলকে ঘৃণা করে, তারা শেষ পর্যন্ত আমেরিকাকেও ঘৃণা করে। আমার তো মনে হয়, তিনি (মামদানি) গোপনে আমেরিকাকেই ঘৃণা করেন।'

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নেতানিয়াহু অত্যন্ত গর্বের সাথে নিউ ইয়র্কে আসবেন এবং জাতিসংঘে ইসরায়েলের সত্য তুলে ধরবেন। যদি কাউকে গ্রেপ্তার করতেই হয়, তবে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকেই করা উচিত।' সূত্র: এনডিটিভি

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher