নিউইয়র্ক
চালকদের জরিমানা ও ফি কমানোর প্রস্তাব টিএলসি’র
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১২:৩৮ | ১০২
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির টিএলসি চালক, গাড়ির মালিক এবং মেডেলিয়ন মালিকদের আর্থিক চাপ কমাতে একাধিক জরিমানা ও ফি বাতিল বা হ্রাসের প্রস্তাব দিয়েছে ট্যাক্সি ও লিমুজিন কমিশন । প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে লাইসেন্স হারানো, দেরিতে ড্রাগ টেস্ট সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে গাড়ির পরিদর্শন না করায় আর্থিক জরিমানার বোঝা অনেকটাই কমবে।
বাংলা পত্রিকার ইমেইলে টিএলসি প্রেরিত এক বিবৃতি জানানো হয় নিউইয়র্ক সিটির ট্যাক্সি ও লিমুজিন কমিশন প্রস্তাবিত নতুন নিয়মে ড্রাইভার ও ছোট ব্যবসায়ীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চায়। এর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত টিএলসি লাইসেন্স পুনরায় ইস্যুর ক্ষেত্রে বর্তমানে নেওয়া ২৫ ডলারের ফি বাতিল করা। এছাড়া লাইসেন্স হারানো, চুরি হওয়া, পড়ার অযোগ্য হয়ে যাওয়া বা হালনাগাদ ছবি না থাকার কারণে যে ৫০ ডলারের জরিমানা আরোপ করা হয়, সেটিও তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে প্রতারণা বা লাইসেন্সের অপব্যবহারের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিদ্যমান শাস্তি বহাল থাকবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, বার্ষিক বাধ্যতামূলক ড্রাগ টেস্ট নির্ধারিত সময়ের ৩০ দিনের বেশি দেরিতে সম্পন্ন করলে বর্তমানে যে ২০০ ডলারের জরিমানা দিতে হয়, সেটিও বাতিল করা হবে। তবে ড্রাগ টেস্ট সম্পন্ন না করা পর্যন্ত সংশ্লিষ্ট ড্রাইভারের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত থাকবে। একই সঙ্গে ট্যাক্সি ও ফর-হায়ার গাড়ির নির্ধারিত পরিদর্শন (ইনস্পেকশন) মিস করলে বর্তমানে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত যে জরিমানা করা হয়, সেটিও বাতিলের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে জরিমানার পরিবর্তে গাড়িটি পরিদর্শন সম্পন্ন না হওয়া পর্যন্ত লাইসেন্স স্থগিত রাখা হবে।
মেডেলিয়ন রিলিফ প্রোগ্রাম (MRP+) সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে প্রোগ্রামে অংশ নেওয়া মেডেলিয়ন মালিকরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাদের মেডেলিয়ন স্বামী বা স্ত্রী, ডোমেস্টিক পার্টনার কিংবা সন্তানদের কাছে হস্তান্তর করতে পারবেন। কোনো মালিকের মৃত্যু হলেও তাঁর পরিবারের সদস্যদের কাছে মেডেলিয়ন স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানাধীন মেডেলিয়নের ক্ষেত্রে সব অংশীদার ও ঋণদাতা প্রতিষ্ঠানের সম্মতি থাকলে কোনো অংশীদারকে অপসারণের সুযোগও থাকবে।
ট্যাক্সি ও লিমুজিন কমিশন জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো ছোট ব্যবসায়ী ও লাইসেন্সধারীদের অপ্রয়োজনীয় আর্থিক চাপ কমানো এবং মেডেলিয়ন শিল্পকে আরও স্থিতিশীল করা। প্রস্তাবিত নিয়ম নিয়ে ১৩ আগস্ট ২০২৬ সকাল ১০টায় জনশুনানি অনুষ্ঠিত হবে। একই দিন পর্যন্ত সাধারণ মানুষ লিখিত মতামতও জমা দিতে পারবেন। বর্তমানে এটি একটি প্রস্তাবিত নিয়ম, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher