খেলাধুলা

খেলাধুলা

মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ, হয়েছে ট্রফি উন্মোচন

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩ ১৭:১০ | ২৬৮

রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ক্রিকেট আয়ারল্যান্ড। মাস খানেকের ব্যবধানে আবারো মুখোমুখি দু’দল। সোমবার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।


ইংল্যান্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হবে তারা। চেমফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে লড়াইয়ে নামবে দু’দল।

মঙ্গলবার (৯ মে) প্রথম ওয়ানডের পর ১২ ও ১৪ মে একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ইতোমধ্যেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে উভয় দল। যদিও তা নিয়ে বিতর্ক থেকেই যায়। সিরিজ শুরুর আট দিন আগে এসেও দিন তিনেকের বেশি অনুশীলন করতে পারেনি টাইগাররা। বৃষ্টি বিলাসেই কেটেছে সময়।


বাংলাদেশ সর্বশেষ দেশের বাহিরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল ২০১৯ সালে বিশ্বকাপের আগে। তবে দু’দল তাদের সর্বশেষ দ্বি-পক্ষীয় সিরিজ খেলেছে মাস খানেক আগে, বাংলাদেশের সিলেটে। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাই করেছিল টাইগাররা।

সব মিলিয়ে দু’দল ১৩ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় নয়টি। দুটি জয় পায় আয়ারল্যান্ড এবং বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়। এর মাঝে শেষ আট ম্যাচে একবারও জিততে পারেনি আইরিশরা। তারা সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে জিতেছিল ২০১০ সালে, আয়ারল্যান্ডের বেলফাস্টে।


বাংলাদেশের শক্তিমত্তা সম্পর্কে আয়ারল্যান্ডের বেশ ভালো করেই জানা। তাই তারা দুর্বলতা খুঁজে আঘাত করতে চাইবে টাইগারদের। তাছাড়া ইংল্যান্ডের বিরূপ আবহাওয়ায় পর্যাপ্ত অনুশীলনহীন বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিংও হতে যাচ্ছে সিরিজটা।

খেলাধুলা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher