চল চল ঢাকা চল’ স্লোগানে নিউইয়র্কের ব্রঙ্কসে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ০৯:১৮ | ৮৩
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে নিউইয়র্কের ব্রঙ্কসে গণসংযোগ ও পথসভা করেছে ‘শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’। ১৭ নভেম্বর ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার অ্যাভিনিউতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম এবং বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাছির, ড. ওয়াহাব জোয়ারদার, অধ্যক্ষ সানাউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, শামীম আহমেদ, অলি আহাদ, সাইদুর রহমান লিংকন, শ্যামল কান্তি চন্দ, পল্লব সরকার ও নুরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে তাঁরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরাজমান অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে বক্তব্য দেন।
বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে প্রবাসে জনমত গঠন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় ‘চল চল ঢাকা চল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পথসভাস্থল।
কর্মসূচির শেষ পর্যায়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
আমেরিকায় বাঙ্গালী থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher