বিশ্ব সংবাদ

বিশ্ব

নেতানিয়াহুকে হটানোর সুযোগ হাতছাড়া করা যাবে না: বিরোধী জোট

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ০২:২৫ | ৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান সরকার হটিয়ে নতুন সরকার গঠনের এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলে ঐক্যবদ্ধ হুশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু-বিরোধী 'পরিবর্তন জোটের' শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোটের উচ্চপর্যায়ের সূত্রগুলো স্পষ্ট জানিয়েছে, সরকার গঠনে প্রয়োজনে নির্বাচনী প্রতিশ্রুতি ভাঙতে এবং বেদনাদায়ক আপস করতে হলেও দলগুলোর প্রস্তুত থাকা উচিত। কারণ দ্বিতীয়বার এমন সুযোগ আর আসবে না।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় থাকা বিরোধী দলগুলোর নীতিনির্ধারকদের মধ্য থেকে নেপথ্যে এই তীব্র ও স্পষ্ট বার্তা উঠে আসতে দেখা যায়।

তিনি বলেন এই নির্বাচনে আমাদের জন্য সব দিক থেকেই একটি বিরল সুযোগ তৈরি হয়েছিল। ৭ অক্টোবরের ঘটনা এবং অর্থোডক্স বা হ্যারেডি সম্প্রদায় সংক্রান্ত নানা বিতর্ক ডানপন্থী দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের ভোটারদের সরিয়ে এনেছে। আমরা ডান, মধ্যপন্থা ও বামপন্থীদের মিলিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জোট গঠন করতে সক্ষম হয়েছি। আমাদের চারটি দলের মধ্যে অত্যন্ত শক্ত বাঁধন ও ভোট সমন্বয়ের সমঝোতা ছিল, যেখানে ডানপন্থীরা নিজেদের সংগঠিত করতে ব্যর্থ হয়ে বিপুল পরিমাণ ভোট নষ্ট করেছে।

উক্ত সূত্রটি আরও জানায়, ভোটারদের বুথমুখী করতে জোটের নজিরবিহীন প্রচেষ্টাও দলীয় নেতাদের ওপর এই মুহূর্তটিকে কাজে লাগানোর বাধ্যবাধকতা তৈরি করেছে।

তিনি বলেন, আমরা বিশেষ করে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে মানুষকে উড়িয়ে এনেছি; সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে বিশাল প্রচেষ্টা চালিয়েছি এবং সব ধরনের ব্যবস্থা সক্রিয় করেছি। এখন আমাদের সরকার গঠন করতে হবে-ব্যাস, এটুকুই।

জোটের নেতারা ভালোভাবেই অনুধাবন করছেন যে, একটি নতুন কোয়ালিশন বা জোট সরকার গঠন করতে গেলে কঠোর ও অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। এমনকি ভোটের আগে যেসব দলের সঙ্গে সরকার না গড়ার অঙ্গীকার করা হয়েছিল, প্রয়োজনে তাদের সঙ্গেও চুক্তি করতে হতে পারে। তবে এবার কোনো নেতার অহমিকার লড়াই কিংবা নির্বাচনী প্রতিশ্রুতি আঁকড়ে ধরে রাখার মনোভাব সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্রটি আরও যোগ করে, যাকে প্রতিশ্রুতি ভাঙতে হবে, তিনি প্রতিশ্রুতি ভাঙবেন; যাকে নিজের অহংকার বিসর্জন দিতে হবে, তিনি তা-ই করবেন। অন্য কোনো বিকল্প নেই। সিদ্ধান্ত নিতে হবে এখনই, নয়তো কখনোই নয়। আগামীতে জনসংখ্যার পরিবর্তন-বিশেষ করে হ্যারেডি জনসংখ্যার বৃদ্ধির কারণে হিসাব অনেকটাই বদলে যেতে পারে। সুতরাং এমন ঐতিহাসিক সুযোগ আর পাওয়া যাবে কি না, তা অনিশ্চিত।

এই দৃঢ় সংকল্প সত্ত্বেও শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করছে চূড়ান্ত আসন সংখ্যা এবং তারা সরকার গঠনের মতো পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে কি না তার ওপর। তবে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় প্রধানদের প্রতি বার্তাটি একেবারেই পরিষ্কার ছিল: যদি আসন সংখ্যা পক্ষে থাকে, তবে কোনো একক নেতার কারণে যেন এই ঐতিহাসিক সুযোগ ভেস্তে না যায়। সূত্র: দ্য জেরুজেলেম পোস্ট

বিশ্ব সংবাদ থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher