আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ০৩:০৩ | ৬৪
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির স্ত্রী ও তাদের একমাত্র ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নারীর স্বামী।
নিহতরা হলেন— অসীমা চৌধুরী এবং অরিত্র বিশ্বাস (১৫)। আহত হয়েছেন স্বরূপ কান্তি বিশ্বাস। নিহত অসীমা চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। অসীমা চৌধুরী ও স্বরূপ বিশ্বাস দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে এবং পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বানিয়াস উপশহরে আয়োজিত অনুষ্ঠানে শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।
নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর ও পরের করণীয় নিয়ে পরিবারের ঘনিষ্ঠজন এবং স্থানীয় কমিউনিটির নেতারা সার্বিক যোগাযোগ বজায় রাখছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বরূপ বিশ্বাস ও উনার স্ত্রী আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাদের নিয়মিত অংশগ্রহণ ছিল।
পরিচিতজনেরা জানান, তিনি ও তার পরিবার সবার কাছে ভীষণ প্রিয় ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আবুধাবিতে প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে স্বরূপ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিশ্ব প্রবাস থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher