আবারও তৃতীয় দিনেই টেস্টে হারের শঙ্কায় পাকিস্তান!
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৫ | ১৮
লিডস ও লর্ডস টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তাদের সামনে কেবল হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল। দ্বিতীয় টেস্টের পরপর স্কোয়াডে সাত পরিবর্তন এনে তুমুল সমালোচনার জন্ম দেওয়া পাকিস্তান এজবাস্টন টেস্টেও বিপর্যয় কাটাতে পারল না। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর তাদের বিপক্ষে ইংলিশরা ৩২০ রানের লিড নেয়।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে। এখনও তারা পিছিয়ে ২৬৮ রানে পিছিয়ে। ব্যাটিংয়ে দৈন্যদশা নিয়ে ওই রান পেরিয়ে পাকিস্তান পুনরায় লিড নেবে এমনটা হয়তো কেউই ভাবছে না! শান মাসুদ ও বাবর আজমরা এখন সেই আস্থা কতটুকু ফেরাতে পারেন সেই ঝলক দেখা যাবে আজ (শুক্রবার) তৃতীয় দিনে।
দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই পাকিস্তান ২ উইকেট হারায়। ওপেনার সাইম আইয়ুব ওলি রবিনসনের প্রথম বলেই দ্বিতীয় স্লিপ এবং তিন বলের ব্যবধানে ক্যাচ দিয়ে ফিরলেন আব্দুল্লাহ শফিক। দুজনেই ডাক (শূন্য) খেয়েছেন। সেখান থেকে ৫২ রানের জুটিতে দিন শেষ করেছেন আজান আওয়াইস (২৯) ও শান মাসুদ (২১)। চলতি সিরিজে পাকিস্তানের ওপেনিং জুটি দুই অঙ্কের ঘর দেখেনি। ৬ ইনিংসে জুটি ভেঙেছে ০, ০, ৫, ৭, ৮ ও ০ রানে।
এ ছাড়া ইংল্যান্ডের মাটিতে চলমান সফরে গত ৫ ইনিংসের কোনোটিতেই দলীয় রান দুইশ পেরোতে পারেনি পাকিস্তান। সেটাই তাদের তৃতীয় দিনেই এমনকি ইনিংস ব্যবধানে হারের শঙ্কা বাড়িয়েছে। এর আগে ইংল্যান্ড দ্বিতীয় দিন শুরু করে ৪ উইকেটে ১৫৬ রানের পর থেকে। এরপর তারা দলীয় সংগ্রহকে ৪৫৩ রানে নিয়ে যায়। ৩২০ রানের লিড এনে দেওয়ার পথে ইংলিশদের পক্ষে ৫ ব্যাটার ফিফটি করেছেন।
৯৭ বলে ৬টি চারে সর্বোচ্চ ৭৫ রান করেন হ্যারি ব্রুক। এ ছাড়া জেমি স্মিথ ৮৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৯, ড্যান লরেন্স ৬৫ ও এমিলিও গে ৬০ রান করেছেন। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে একটি ছক্কা ও সাতটি চারে ৪৭ বলে ৫০ রান করেন রবিনসন। টেস্ট যা তার দ্বিতীয় ফিফটি। পাকিস্তানের পক্ষে অভিষিক্ত পেসার রাজাউল্লাহ সর্বোচ্চ ৪ এবং মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নিয়েছেন।
এরপর পাকিস্তান আবারও ব্যাটিংয়ে বাজে শুরু করেছে। আবদুল্লাহ শাফিকের ক্যাচ ধরে একটি রেকর্ড গড়েন ইংলিশ অধিনায়ক জো রুট। আউটফিল্ড ফিল্ডারদের (কিপার ব্যতিত) মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ এখন তার, ২২০টি। টপকে যান তিনি অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথকে (২১৯)। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই আম্পায়াররা দিন শেষের ঘোষণা দেন।
খেলাধুলা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher